ফেনসিডিল ব্যবসায়ী অভিযোগে এক ব্যক্তিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে বোরহান উদ্দিন নামের পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। গতকাল শনিবার সন্ধ্যায় পূর্ব হিঙ্গুলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলিতে পারভেজ নামের এক ব্যক্তি ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন সাদা পোশাকে ঘটনাস্থলে যান। পারভেজকে দেখে বোরহান তাঁকে জাপটে ধরেন। তখন বোরহানের বামপাশে ছুরিকাঘাত করেন পারভেজ। এতে ঘটনাস্থলেই ঢলে পড়েন বোরহান।