চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দমদমা অভয়শরণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মকীর্তি মহাথেরোর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন হয়।মানববন্ধনে অংশ নেন মিরসরাই-সীতাকুণ্ড বৌদ্ধ উন্নয়ন সমিতি, দমদমা অভয়শরণ বৌদ্ধবিহারের সব দায়ক-দায়িকা, আনন্দ মহাথেরো স্মৃতি সংসদ, সীতাকুণ্ড বৌদ্ধকল্যাণ সমিতি, বাড়বকুণ্ড বৌদ্ধ গ্রামবাসী, দমদমা-মায়ানী-তুলাবাড়িয়া-সীতাকুণ্ড-বাড়বকুণ্ড-পন্থিছিলা-জোরারগঞ্জ-চরশরৎ বৌদ্ধ উন্নয়ন সমিতির শত শত নারী-পুরুষ এবং বৌদ্ধবিহারের ভিক্ষু শ্রমণেরা।প্রায় এক ঘণ্টার মানববন্ধনে বৌদ্ধ উন্নয়ন সমিতির নারী-পুরুষ ও বৌদ্ধবিহারের ভিক্ষু শ্রমণেরা হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান।