কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মুঠোফোন চুরি করার অভিযোগ এনে বাদল মিয়া নামের এক শ্রমিককে পিটিয়ে শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে জালাল উদ্দিন ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় লোকজন জানান, শনিবার বিকেলে জালাল তাঁর একটি মুঠোফোন চুরি করার দায় বাদলের ওপর চাপিয়ে দেন। পরে জালাল বাদলের হাত-পা বেঁধে ফেলেন। বাদলকে লোহার রড দিয়ে পেটানোর পর শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে আশপাশের লোকজন বাদলকে উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বাদল গতকাল সন্ধ্যায় মামলা করেছেন।