মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী গ্রামে ডাকাতের গুলিতে কুয়েত প্রবাসী তানজিল আহমেদ টুটুল (২৫) নিহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতের এ ঘটনায় নিহতের বাবা আল হেলাল, প্রতিবেশী আবদুল মালেক ও রুহুল আমিনসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সিরাজদিখান থানা পুলিশ জানায়, শনিবার রাত একটার দিকে চিত্রকোর্ট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল হেলালের বাড়িতে ১৫/২০ জন ডাকাত প্রবেশ করে। এ সময় পাশের ভবনের টুটুল এগিয়ে এলে ডাকাতেরা তাকে গুলি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।