আইপিএলের এবারের আসরের সেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফিজের খেলার গোপন কৌশলগুলো যাতে কেউ জানতে না পারে, সে জন্য তাঁকে সাবধান থাকতে হবে। বেশি খেললে বা ওভার এক্সপোজড হয়ে গেলে তাঁর গোপন কৌশল অন্যরা জেনে যাবে। এতে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার ইনজুরিতে পড়ার আশঙ্কাও থাকতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেছেন বলে সভা শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। অনেকবার ইনজুরিতে পড়েছিল। এ কারণে তার খেলায় ব্যাঘাত ঘটেছিল।’ পরিকল্পনামন্ত্রী জানান, মুস্তাফিজকে নিয়ে প্রধানমন্ত্রী গর্বিত, তাঁকে উইস (শুভকামনা) করেছেন তিনি।
প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সেখানে বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক।
মুস্তফা কামাল বলেন, ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামীদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও গার্নারের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁরাও কোনো না-কোনো সময় ইনজুরিতে পড়েছেন।
নিজ গুণেই মুস্তাফিজ অনেক দূর এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মুস্তাফিজ আরও ওপরে উঠে যাবেন এবং তাঁর নিজের করণীয় কী, নিজেই সেটা বুঝবেন।