রেলে নিয়োগে দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। এ সময় মৃধা আসামির কাঠগড়ায় ছিলেন। অন্য চার আসামি পলাতক রয়েছেন। আদালত আগামী ৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।