আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই নেতার পর আরেক নেতা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।
নতুন এই প্রার্থী হলেন সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন। গত মঙ্গলবার রাতে নগরের তাঁতীপাড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় শেষে তাঁর এ প্রার্থিতার কথা ঘোষণা করা হয়।
নাসিম হোসাইনের প্রার্থিতা ঘোষণার আগে শুক্রবার প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন আরিফুল হক চৌধুরী এবং সোমবার বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর একনিষ্ঠ অনুসারী সামসুজ্জামান প্রার্থিতা ঘোষণা করেন। বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ফের আওয়ামী লীগের পক্ষে প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নাসিম হোসাইন রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি মূলত একজন ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। চারদলীয় জোট সরকারের আমলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতির পদে ছিলেন তিনি। ২০০৮ সালেও তিনি মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। তবে নির্বাচন থেকে পরে সরে দাঁড়ান।
তাঁতীপাড়ায় দি এইডেড হাইস্কুলের সভাকক্ষে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রতিষ্ঠাতা সদস্য এম এ হান্নান চৌধুরী। সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি সালেহ আহমদ, সিলেট চেম্বারের পরিচালক লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।