মেয়ের বায়না অতঃপর মৃত্যু

বৃষ্টি পড়ছে, আকাশে বিজলি চমকাচ্ছে। বজ্রপাতের শব্দে কানে তালা লাগার দশা। মা নওরিজা বেগম (২৫) দুই মেয়ে কাশমিরা খাতুন (১৩) ও নুরবানুকে (১০) নিয়ে জড়সড় হয়ে বসে ছিলেন ঘরে।এমন সময় নুরবানু মায়ের কাছে বায়না ধরল চাল ও ভুট্টা ভাজা খাওয়ার। মা বৃষ্টির কারণে প্রথমে রাজি না হলেও পীড়াপীড়িতে একসময় রাজি হন। চাল ও ভুট্টা ভেজে দুই মেয়েকে নিয়ে ঘরের বারান্দায় খেতে বসেন তিনি। এ সময় বিকট শব্দে বাজ পড়ে। মা-মেয়ে তিনজনই ঢলে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা নুরবানুকে মৃত ঘোষণা করেন। মা ও অপর মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বৃহস্পতিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাটারাম পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।