মৌলভীবাজারে সংঘর্ষে আহত ১৫

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ থেকে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দেশি অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।