
ময়মনসিংহের তারাকান্দায় একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুরগামী একটি ট্রাক ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।