সরকারদলীয় সাংসদের সমালোচনা করায় ময়মনসিংহের মুমিনুনন্নিসা সরকারি কলেজের শিক্ষককে দিগম্বর করার প্রতিবাদে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।
স্থানীয় সূত্র জানায়, বেলা তিনটায় উপজেলা ও পৌর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যান। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা (সিএ) আবদুছ ছালাম স্মারকলিপি গ্রহণ করেন৷
স্মারকলিপিতে লাঞ্ছনার শিকার শিক্ষকের সাবেক ছাত্র এবং গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের বর্তমান ও সাবেক ২০ জন নেতা স্বাক্ষর করেন।
ইউএনও দূর-রে শাহনওয়াজ বলেন, স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে৷