যমুনা টিভির রিটের ওপর রায় ২০ মে

বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বিষয়ে রায় দেওয়া হবে আগামী ২০ মে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নয় দিন উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম, যমুনা টেলিভিশনের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম এবং বিটিআরসির পক্ষে আইনজীবী মামলা পরিচালনা করেন। আহসানুল করিম প্রথম আলোকে জানান, রুলের ওপর শুনানি গ্রহণ শেষে আদালত ২০ মে রায়ের দিন নির্ধারণ করেছেন।