জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানার বয়লারে গতকাল সোমবার ভোরে হঠাৎ ত্রুটি দেখা দেয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় উৎপাদন ১৩ দিন বন্ধ থাকতে পারে।
কারখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে বয়লারে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যান্ত্রিক এই ত্রুটি মেরামতের জন্য কারখানায় অন্তত ১৩ দিন উৎপাদন বন্ধ থাকবে।
২০১৫-১৬ অর্থবছরে বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) যমুনা সার কারখানায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গত চার মাস ১০ দিনে কারখানায় ১ লাখ ৭৩ হাজার ৮১৩ টন সার উৎপাদন করা হয়েছে।