যশোর শহরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. সেলিম (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সেলিম শহরের এম কে সড়কে অবস্থিত নাজমা হোটেলের মালিক আবদুর রহমানের ছেলে। পুলিশের ভাষ্যমতে, সন্ধ্যা ছয়টার দিকে সেলিম ধর্মতলা মোড়ের বাসের যাত্রীছাউনিতে বসে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে সেলিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরি চালিয়ে জখম করে। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।