যশোর ইনস্টিটিউটের পাঠকক্ষে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে সোমবার থেকে। ওই দিন বিকেল চারটায় মেলার উদ্বোধন ঘোষণা করবেন যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত থাকবেন। প্রথমা প্রকাশন এ মেলার আয়োজক।
মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের সমারোহ থাকছে। একুশে বইমেলার নতুন বইও মেলায় পাওয়া যাবে। বিশেষ ছাড়ে এসব বই বিক্রি করা হবে। প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ, বেঙ্গলের বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া ভারতীয় বইয়ে এক রুপির বিপরীতে ১ দশমিক ৫০ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত দাম নেওয়া হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ২২ সেপ্টেম্বর শেষ হবে মেলা।