যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের (৩০) দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মাহসড়কের সদর উপজেলার কুয়াদা বাজারে এ ঘটনা ঘটে।
নাজমুল সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আবু বক্কার গাজীর ছেলে। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি দোকান থেকে চা পান করে নামজুল ও তাঁর মামা বরকত ফিরছিলেন। এ সময় পথে দুর্বৃত্তরা পেছন থেকে নাজমুলকে ধরে তাঁর দুই হাতের বাহু ও মাথায় এলোপাতাড়ি কোপায় এবং দুই পায়ের রগ কেটে দেয়।
তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।