প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে একটি জনপ্রিয় দাবি। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুইটে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারের কোনো কারণ নেই।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ এম রাশেদ চৌধুরীকে হস্তান্তরেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ‘কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়ে মার্কিন সরকারকে রাজি করাতে ক্রাউলিকে অনুরোধ করেন।জোসেফ ক্রাউলি জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থানের প্রশংসা করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।মার্কিন সিনেটরের সাক্ষাৎ: গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কে হোটেল স্যুইটে মার্কিন সিনেটর পিটার ডব্লিউ গলব্রেইথ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ সময় সিনেটর পিটার সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত সোচ্চার।