মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে ১৪ দল। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এতে নেতৃত্ব দেন। মানববন্ধন চলাকালে মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। যে বিচার চলছে সেটাকে ত্বরান্বিত করতে হবে। নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিন সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী ইনামুল হক, এম এ সালাম ও মোছলেম উদ্দিন, দুই নারী সাংসদ হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়ব, সাম্যবাদী দলে অমূল্য বড়ুয়া, জাসদের জসিমউদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু হানিফ, নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিন, যুবলীগের চন্দন ধর প্রমুখ মানববন্ধনে অংশ নেন।