জামালপুরে যুদ্ধাপরাধের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল সোমবার মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা মবেদ আলী আদালতে মামলাটি করেন। আরজি সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২ অক্টোবর মবেদ আলীর বাবা সোবহান শেখ ও ভাই ছবেদ আলী মেলান্দহের কাজাইকাটা ঘাট থেকে নৌকায় করে ইসলামপুর বাজারের দিকে রওনা হন। পরে আমরীতলা নৌঘাটে সিরাজুল হকের নেতৃত্বে আলবদর বাহিনীর ১২ সদস্যও ওই নৌকায় ওঠেন। এ সময় সিরাজুল হক ও তাঁর সহযোগীরা সোবহান শেখ ও ছবেদ আলীসহ ছয়জনকে গুলি করে হত্যা করেন।