রংপুরে ককটেল বিস্ফোরণ তিনজন গ্রেপ্তার

রংপুরে গতকাল বৃহস্পতিবার জাসদ (ইনু) সমর্থিত জাতীয় যুব জোটের সমাবেশের পাশে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান নূর (২২), রহমত আলী (২৩) ও মোকসেদ আলী (২২)। তাঁরা সবাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বেলা দেড়টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় নগরের ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড জাসদের উদ্যোগে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।