রংপুরের বন্ধ হয়ে যাওয়া আন্তনগর ট্রেন দুটি পুনরায় চালুর দাবিতে রংপুর রেলপথ সাত ঘণ্টা অবরোধ করে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অবরোধ হয়। বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। রেলওয়ে স্টেশন সূত্র জানায়, জোট সরকারের আমলে দিনাজপুর থেকে রংপুরের ওপর দিয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন তিস্তা ও একতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়।গতকাল অবরোধ চলাকালে ওয়াদুদ আলীর সভাপতিত্বে এক সমাবেশ হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সাংসদ টিপু মুনশী, জেলা আওয়ামী লীগের নেতা আবুল মনসুর আহমেদ, শামীম তালুকদার, রেজাউল ইসলাম, রথীশ চন্দ্র ভৌমিক, হাসানুজ্জামান প্রমুখ।