রংপুর বিভাগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ আটক ছাত্রদলের নেতাদের মুক্তির দাবিতে রংপুর বিভাগের আট জেলায় আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রংপুর জেলা ছাত্রদল।

রংপুর বিভাগের ওই আট জেলা হলো—পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

আজ শনিবার বেলা একটার দিকে রংপুর নগরের পায়রা চত্বরে এক বিক্ষোভ মিছিল শেষে এই হরতালের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজ-উন-নবী।

আজ দুপুর সাড়ে ১২টায় শহরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল বের করেন।