
২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. সফিউল্লা। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: দুই বছরে আপনার সাফল্য কী?
কাউন্সিলর: ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো সংস্কার, ফুটপাত প্রশস্তকরণ ও তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনের সড়ক দখলমুক্ত করা।
প্রথম আলো: ওয়ার্ডের বেশির ভাগ ফুটপাত অবৈধ দখলে আছে। এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন?
কাউন্সিলর: বেশির ভাগ ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। আবার হয়তো কিছু কিছু বসেছে। পবিত্র রমজান মাসের পরে ওগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলো: মধ্য কুনিপাড়ার বাসিন্দারা জলাবদ্ধতার সমস্যার কথা বলেছেন।
কাউন্সিলর: ওই এলাকায় তো ড্রেন করে দিয়েছি। চলতি বছরে বাকি কাজ করা হবে।
প্রথম আলো: নাখালপাড়ার বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকার কোনো উন্নয়নই হয়নি।
কাউন্সিলর: একসঙ্গে তো সবকিছু করা সম্ভব নয়। একে একে সব করা হবে।