আসন্ন রমজান মাস লোডশেডিংমুক্ত হচ্ছে না, বরং এখনকার তুলনায় রমজানে লোডশেডিং কিছুটা বেশিও হতে পারে। তবে তা এখনকার মতো একটানা এক ঘণ্টার পরিবর্তে হবে আধা ঘণ্টা করে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল সোমবার বলেছেন, আসন্ন রমজান মাসে একবারে সর্বোচ্চ আধা ঘণ্টা লোডশেডিং হবে। এ জন্য প্রয়োজনে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা বিতরণ সংস্থাগুলোকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। রমজানে বিদ্যুৎ-পরিস্থিতি পর্যালোচনার জন্য ওই বৈঠক করা হয়। উপদেষ্টা রোজার মাসে বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন কার্যক্রম সীমিত রাখার জন্য শিল্পমালিকদের আহ্বান জানান।সরকারি হিসাব অনুযায়ী, রমজানে বিদ্যুৎ উৎপাদন বর্তমানের চেয়ে ৬০০ মেগাওয়াট বাড়বে। ফলে ইফতার, তারাবির নামাজ ও সেহিরর সময় যতটা সম্ভব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে। গত বছরের চেয়ে এ বছর বিদ্যুৎ উৎপাদন বাড়লেও কিছু কিছু জায়গায় বিতরণের সমস্যা রয়েছে। কিন্তু সে কারণে আজানের সময় যেন কোনোভাবে বিদ্যুৎ চলে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।