কক্সবাজারের বিভিন্ন স্থানে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ‘সাংগ্রাং’। নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে তারা এ উৎসব পালন করছে। জল দিয়ে শরীর ভিজিয়ে আনন্দ-ফুর্তি করা হয় বলে উৎসবের নাম ‘জলকেলি’ বা ‘সাংগ্রাং’। প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর এ উৎসব শুরু হয়। উৎসবকে কেন্দ্র করে শহরের টেকপাড়া, বার্মিজ স্কুল, বড়বাজার ও বৌদ্ধমন্দির সড়কে একাধিক মণ্ডপ তৈরি করা হয়েছে। জেলার চকরিয়া, হারবাং, খুরুশকুল, চৌফলদণ্ডি, মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন রাখাইনপল্লিতেও জাঁকজমকভাবে জলকেলি উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাজানো মণ্ডপে দাঁড়িয়ে শত শত রাখাইন তরুণ-তরুণী পরস্পরের দিকে জল ছুড়ে মেরে ভালোবাসায় সিক্ত হবেন।