অবরোধের মধ্যেও গতকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলার শিশুরা উৎসবের আমেজে নতুন বই পেয়েছে।
রাঙামাটি শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এ সময় সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মেধা বিকাশে সচেতন হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবি মোহন তঞ্চঙ্গ্যা ও প্রধান শিক্ষক অর্চনা তালুকদার। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, এ বছর রাঙামাটি জেলার ৯১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ দুই হাজার ২৪ জন শিক্ষার্থীকে চার লাখ ৭৭ হাজার ৬০০টি নতুন বই দেওয়া হয়েছে।