রাজধানীতে সমবায় বাজারের নকশা দাখিলের নির্দেশনা

এক সপ্তাহের মধ্যে ঢাকা সিটি করপোরেশনকে (দক্ষিণ) সমবায় বাজারের নকশা দাখিলের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল বুধবার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রথম পর্যায়ে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ২৭টি সমবায় বাজারের নকশা দাখিলের কথা বলা হয়েছে।মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা ও উৎপাদনকারীদের স্বার্থ রক্ষায় এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে সরকার রাজধানীর ৯২টি ওয়ার্ডে ৯২টি সমবায় বাজার চালু করবে। ইতিমধ্যে রাজধানীতে চারটিসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ১২৭টি সমবায় বাজার স্থাপন করা হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, বাজার পরিচালনায় দক্ষ সমবায় সমিতির সহায়ক ভূমিকা পালন করতে হবে। মন্ত্রণালয় থেকে সমিতিগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।