রাতের আঁধারে গাছ কাটা ছাত্রলীগ নেতা-কর্মীসহ ছয়জন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর থেকে রাতের আঁধারে পাঁচটি ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কেটে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের তিন নেতা-কর্মীসহ ছয়জনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ সময় ১৭টি গাছের গুঁড়ি উদ্ধার করে। গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৌরভ আহমেদ, কর্মী কামরুজ্জামান ও আবদুল হান্নান, স্থানীয় ভ্যানচালক রফিকুল ইসলাম, রেজাউল এবং কাঠুরে আবুল হোসেন। এ ঘটনায় পুলিশের মামলায় আদালতের নির্দেশে ওই ছয়জনকে গতকাল রোববার হাজতে পাঠানো হয়। মামলায় জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রত্তন আলী ও হিসাবরক্ষক আবদুস সালামসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।