ফ্রান্সের স্টাসবুর্গে আজ বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের সদ্য শেষ হওয়া নির্বাচন নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। আজকের অধিবেশনে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনবিষয়ক পার্লামেন্টারি কমিটির সূচিতে বাংলাদেশ সময় রাত আটটা থেকে ১০টা পর্যন্ত এ বিতর্ক হবে।
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের বিষয় ছাড়াও কম্বোডিয়া ও লাওসের বিরোধী দল, সেখানে মানবাধিকারের কর্মীদের অবস্থা এবং উগান্ডা, নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো ও ভারতে অপরাধ-বিষয়ক ঘটনাগুলো নিয়ে আলোচনা হবে।
ইউরোপীয় পার্লামেন্টের গঠনতন্ত্রের ১২২ ধারা অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন ভঙ্গের ক্ষেত্রে এ ধরনের আলোচনা ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন-বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে অনুষ্ঠিত হয়ে থাকে।