রানাসহ ১০ জনের বিচার শুরু

আদালতে রানা প্লাজার মালিক সোহেল রানাকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান
আদালতে রানা প্লাজার মালিক সোহেল রানাকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান

রানা প্লাজা ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এই আদেশ দেন।

আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

এর আগে এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বাকি ছয়জনকে আদালত অব্যাহতি দেন।

অভিযোগপত্রভুক্তরা হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আবদুল মুত্তালিব।

অভিযোগপত্র থেকে যাঁরা অব্যাহতি পেয়েছেন, তাঁরা হলেন আলী খান, এ টি এম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে লাশ শনাক্ত হয়নি ২৯১ জনের।