
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বেলা একটার দিকে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার আলোচনা চলমান থাকা অবস্থায় এ সাক্ষাৎ নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে জানান, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তাঁর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন। তাই তাঁরা সৌজন্য সাক্ষাৎ করবেন। অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, অন্যান্য বিষয়ও তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। তবে এ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়।