রায়গঞ্জে বাসের চাপায় প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বগুড়া মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এ কারণে বিভিন্ন যানের যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ওই শিশুর নাম পাখি দাস (৮)। সে ওই এলাকার জিতেন দাসের ছেলে।
গতকাল বেলা দুইটার দিকে ঘুড়কা বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস পাখি দাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।