বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। পরে কাল ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।রিটের পক্ষে শুনানিতে আইনজীবী তানিয়া আমীর বলেন, জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের ও গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী। গঠনতন্ত্রে নারী ও পুরুষের বৈষম্য আছে। শুনানিকালে নির্বাচন কমিশনের কৌঁসুলি তৌহিদুল ইসলাম গত বছর নির্বাচন কমিশনে জামায়াতের জমা দেওয়া একটি গঠনতন্ত্র আদালতে দাখিল করেন। আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।