রূপগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী বাসস্ট্যান্ডে গতকাল সোমবার ট্রাকের চাপায় নুরুল হক মীর (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ রেখে বাস ভাঙচুর করে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, রূপসী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ-১১-৩৯১৪) নুরুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার রূপসীর মীরবাড়ী গ্রামের মৃত সামসুদ্দিন মীরের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ রেখে যাত্রীবাহী বাসসহ চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।