রাঙামাটির লংগদু উপজেলায় ১৩ জন আদিবাসীর ওপর হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। ওই হামলায় আহত রিকেন চাকমা (২৮), উৎপল কান্তি চাকমা (৩০) ও দ্রুনাচার্য চাকমাকে (৪৫) লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, হামলার শিকার উৎপল কান্তি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১২-১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উৎপল কান্তি চাকমা মুঠোফোনে বলেন, ‘গত সোমবার ভোরে বড় একটি ট্রলারে (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) সাতজন মৌসুমী ফল ব্যবসায়ী ও একজন নারীসহ ১৩ জন বাঘাইছড়ি উপজেলার শিজকডোর এলাকা থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হই। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ট্রলারটি লংগদু উপজেলা সদর থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নুনাবাজার এলাকা পার হওয়ার সময় একদল বাঙালি রাঙামাটি যাওয়ার কথা বলে আমাদের ট্রলারটি থামায়। পরে একটি ছাদবিহীন ট্রলারে করে এসে ১৪ থেকে ১৫ জন আমাদের ট্রলারে আসে। এ সময় সবাই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রিকেন চাকমার স্ত্রীর কাছ থেকে সোনার গয়না ছাড়াও প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে গেছে।’