লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় গতকাল রোববার দুটি অবৈধ ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঠ পোড়ানোর অভিযোগে তিনটি ইটভাটাকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া ইটভাটাগুলো হলো, আবুল বাশারের মালিকাধীন এবিএম ব্রিকস ও নূর আলম কোম্পানির বিএনএস ব্রিকস। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো, এইচবিএম ব্রিকস, এবিএম ব্রিকস, বিএনএস ব্রিকস। এ ছাড়া এই ইটভাটার মালিকদের ২০ জানুয়ারি বন বিভাগের চট্টগ্রাম কার্যালয়ে স্বশরিরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আকতারুজ্জামান, লক্ষ্মীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক গৌরাঙ্গ চন্দ্র সাহা প্রমুখ।