আয়কর পরিশোধের সনদপত্র প্রদান না করলে করের আওতাধীন ব্যক্তির কোনো লাইসেন্স নবায়ন করা যাবে না—এ বিধান রেখে আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া আইনে বাস্তবমুখী ও বস্তুনিষ্ঠ বিষয় সন্নিবেশ করা এবং সবার জন্য উপযোগী, সহজবোধ্য ও প্রয়োগযোগ্য আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে মূল্য সংযোজন কর বিল-২০১২-এর ওপর আলোচনা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর সংসদে উত্থাপনের জন্য সংশোধিত আকারে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এ আইনের সংক্ষিপ্ত শিরোনাম ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’ না করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ করার প্রস্তাব করা হয়।কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আলী আশরাফ ও মো. তাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদসহ সংশ্ল্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।