কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতপাড়া গ্রামে গত শুক্রবার একটি সালিস বৈঠকে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আবদুর রহিম (৭০) ও শাহ আলমের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র সাগর (১৪)। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় পুলিশ ওই রাতেই রাশেদুল ইসলাম ওরফে সুমন, তাঁর বাবা আমির হোসেন ও জুনাব আলীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ওই গ্রামের আমির হোসেনের সঙ্গে তাঁর দুই সহোদর শাহ আলম ও ইমাম হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার বিরোধীয় জায়গার পরিমাপ শেষে সন্ধ্যায় বাড়িতে একটি সালিস বৈঠক বসে। একপর্যায়ে আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম শাহ আলম, ইমাম হোসেন, শাহ আলমের ছেলে শামীম ও সাগরকে কুপিয়ে আহত করেন। এ সময় শাহ আলমের চাচা আবদুর রহিম থামাতে গেলে রাশেদুল তাঁকেও কোপান।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিম ও সাগরকে মৃত ঘোষণা করেন।