
বান্দরবানের লামায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ৪০০ একর জুমভূমি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজসহ তিনটি সংগঠন। পাশাপাশি দখলদারদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও হিল কালচারাল ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ভূলন ভৌমিক। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিষুময় দেব, জুম্ম শিক্ষার্থী পরিবারের বিপুলি চাকমা ও হিল কালচারাল ফোরামের সভাপতি প্যাশন চাকমা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ এপ্রিল বান্দরবানের লামা উপজেলায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৪০০ একর জুমভূমি ও ফলদ বাগানে ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি কোম্পানি আগুন ধরিয়ে দেয়। এতে তিন পাড়ার ৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের উচ্ছেদ করতে এই কাজ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ম্রো ও আদিবাসী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা খাদ্যাভাবে কষ্ট পাচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে ২০০ রোহিঙ্গা শ্রমিক দিয়ে ৪০০ একর বন উজাড় করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুরুতে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দখলদার কোম্পানির লোকজনের যোগসাজশে প্রশাসন ত্রাণ দিতে চাইলে পাড়াবাসী তা প্রত্যাখ্যান করে। এখন রাবার কোম্পানির লোকজনের ভয়ে পাড়ার ৩৫ শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না।
এ সময় সাত দফা দাবি জানানো হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পাড়াবাসীর ফলদ ও বনজ বাগান, ধানখেত ও শ্মশানভূমির ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।