ফসলি জমিতে খেলতে না দেওয়ায় এক ব্যক্তির সোয়া এক বিঘা জমির ১১৯টি গাছ কেটে ফেলেছে বখাটেরা। গত শুক্রবার রাতে নাটোরের লালপুরের ডেবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডেবরপাড়া গ্রামের আবদুল বারেকের ফসলি জমিতে খেলা করতে চায় স্থানীয় কয়েকজন বখাটে। এতে নিষেধ করলে তারা জোরপূর্বক ফসল নষ্ট করে খেলাধুলা করে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে সোয়া এক বিঘা জমির ৯৬টি মেহগনি, ১৮টি সুপারি, দুটি আম ও তিনটি পেঁপেগাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আবদুল বারেক বাদী হয়ে গতকাল শনিবার ডেবরপাড়া গ্রামের সজল, রকি ও আবদুস শামীমকে আসামি করে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।