সন্ত্রাসী হামলায় নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সভাপতি আবদুর রশিদ মাস্টার আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার রুইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।আবদুর রশিদ মাস্টার জানান, শুক্রবার বিকেলে রুইগাড়ী গ্রামে জাপার কয়েকজন কর্মী তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে উপর্যুপরি পিটিয়ে আহত করেন। স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একজন নেতা জানান, টিআর-কাবিটার কাজ ভাগাভাগি নিয়ে মূলত এই বিরোধের সূত্রপাত। এই হামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরাই ছিলেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।