জাতীয় শোক দিবস উপলক্ষে পুরান ঢাকার লালবাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। গতকাল রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লালবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর কার্যালয়ে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামান, ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, অঞ্চল-৩-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।