লালমনিরহাটে শ্রমিককল্যাণ ফান্ডের নামে ট্রাক থেকে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ট্রাকশ্রমিকেরা চার ট্রাকমালিককে বেদম মারধর করে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তাফিরহাট স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলী, আবদুল হাকিম, মো. আবু তাহের ও সেকেন্দার আলী। জানা যায়, মোস্তাফিরহাট স্ট্যান্ডে ট্রাকশ্রমিকের নাম ব্যবহার করে পুলিন চন্দ্রসহ অন্যরা জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে ট্রাক থেকে চাঁদা আদায় করছিলেন। খবর পেয়ে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ চারজন সেখানে গিয়ে চাঁদা আদায়ে বাধা দেন। চাঁদা আদায়কারী শ্রমিক ও শ্রমিক নন এমন ব্যক্তিরা চার ট্রাকমালিককে মারধর করে মোস্তাফিরহাট শ্রমিক অফিসে আটকে রাখেন। খবর পেয়ে দুই ঘণ্টা পর পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশের সামনেই দুই ট্রাকমালিককে আবার মারধর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে দাঙ্গা পুলিশকে খবর দেয়। দাঙ্গা পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা শহরে নিয়ে আসে।