ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নে ৩৭ বস্তা ত্রাণের চালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ত্রাণের চাল পেয়ে ক্ষতিগ্রস্ত লোকজন ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কয়েকজন সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে চরভুতা ইউনিয়নে ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়। ইউপির চেয়ারম্যান-সদস্যরা ক্ষতিগ্রস্তদের অনেককেই চাল দেননি। আবার যাঁরা ত্রাণ পেয়েছেন তাঁদেরকে পরিমাণে কম দেওয়া হয়েছে। ফলে বাড়তি চাল লালমোহনের চাল ব্যবসায়ী বাবুল ও ইউসুফের কাছে বিক্রি করা হয়। বাবুল ও ইউসুফ চাল নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে টেম্পোতে করে লালমোহন আনার সময় এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁদের আটক করে লালমোহন থানায় নিয়ে আসে।
চেয়ারম্যান আকতারুজ্জামান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক জানান, ভিজিএফপ্রাপ্ত ক্ষতিগ্রস্তরা চাল পেয়ে বিক্রি করেছেন। এর সঙ্গে পরিষদের চেয়ারম্যান-সদস্যরা জড়িত নন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বলেন, ‘আমরা ৩৭ বস্তা চালসহ বাবুল ও ইউসুফকে আটক করেছি। যদি ক্ষতিগ্রস্তদের কাছ থেকে খুচরা চাল কেনা হতো, তাহলে বস্তাগুলো মেশিনে সেলাই করা থাকত না। তার পরও ইউএনও কার্যালয় এ ব্যাপারে মামলা না করলে কিছুই করার থাকবে না।’
ইউএনও জাকির হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।