লৌহজংয়ে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ৫

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া ঘাটের কাছে গতকাল মঙ্গলবার দুপুরে ৩৭ জন শ্রমিক নিয়ে মাটিভর্তি একটি ট্রলার ডুবে গেছে। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন; পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের শ্রমিকেরা জানান, ট্রলারটি ফরিদপুরের সদরপুর উপজেলার পিঁয়াজখালী এলাকা থেকে মাটি নিয়ে ঢাকার জিনজিরায় যাওয়ার পথে মাওয়া ঘাটের কাছে প্রচণ্ড স্রোতে হঠাৎ ডুবে যায়। শ্রমিকদের চিৎকারে আশপাশের লঞ্চ ও স্পিডবোট থেকে লোকজন এসে তাঁদের উদ্ধার করে। এ সময় ট্রলারের ৩২ জন শ্রমিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আহত ১০ শ্রমিকের চারজনের অবস্থা গুরুতর। তাঁদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।