শত মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজা ধসে নিহত লোকজনকে স্মরণ করা হলো। আজ বুধবার রানা প্লাজা ধসের বার্ষিকীতে বিধ্বস্ত ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সাংসদ ও নারীনেত্রী শিরিন আখতার সাভারে রানা প্লাজা ধসের মতো ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকার, পোশাক কারখানার মালিক, জনগণ ও তৈরি পোশাক ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান।
আলোক প্রজ্বালন অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এনামুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক ও সামাজিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানায় সে সময় কর্মরত শ্রমিকেরাও মোমবাতি জ্বালিয়ে মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্মরণ করেন।