জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের তিন মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শামীম ওসমানের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গতকাল সকালে হাইকোর্টে হাজির হয়ে শামীম ওসমান আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার।জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ ফতুল্লা থানায় শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে মামলা করেন।