
‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে পিএসসির প্রকাশ করা বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আজ বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে নার্সদের দুটি সংগঠন। তারা আগের মতো মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি জানায়।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি আজ বেলা পৌনে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে।
সড়ক অবরোধের পাশাপাশি আন্দোলনকারীরা বিক্ষোভও করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
একপর্যায়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও লাঠিপেটা করে।
পুলিশের মারমুখী আচরণে বেশ কয়েকজন আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
অবরোধকারীরা সরে গেলে বেলা দুইটার দিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।