শাহাদাতের বাসায় পুলিশের অভিযান

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের ওয়ার সিমেট্রি এলাকার বাসায় গতকাল শুক্রবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। এ সময় তিনি বাসায় ছিলেন না।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘শাহাদাত সাহেব অনেকগুলো মামলার আসামি। নির্বাচনকে ঘিরে নাশকতা করার পরিকল্পনা আছে তাঁর। এ কারণে তাঁর বাসায় অভিযান চালানো হয়েছে।’
গত ৫ জানুয়ারি কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে শাহাদাত হোসেন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর গত ২২ এপ্রিল বাকলিয়া এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলমের সঙ্গে গণসংযোগ করতে দেখা গেছে তাঁকে।