এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিকাশ চন্দ্র নামের এক কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসএসসির ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা চলাকালে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। উপজেলার মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে তিনি দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার দগরপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ওই শিক্ষক বাকি পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করতে পারবেন না।